রাজধানীর পুরান ঢাকার Sir Salimullah Medical College হাসপাতাল এলাকা ও আশপাশের সড়কে অবৈধ গাড়ির স্ট্যান্ড, দালালচক্রের দৌরাত্ম্য এবং অনিয়ন্ত্রিত লোড-আনলোড কার্যক্রমের কারণে চরম যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন হাসপাতালগামী রোগী, স্বজন, পথচারী এবং মেডিকেল শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মিটফোর্ড রোড ও সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র টাকার বিনিময়ে ট্রাক, পিকআপ ও ভ্যান দাঁড় করিয়ে অবৈধ স্ট্যান্ড হিসেবে ব্যবহার করছে। একই সঙ্গে দিন-রাত পণ্য ওঠানামার কারণে সড়কের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
জানা যায়, বিশেষ করে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ট্রাক ও পিকআপে মালামাল লোড-আনলোড চলায় পুরো এলাকায় যানজট তীব্র আকার ধারণ করে। এতে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও অনেক সময় আটকে পড়ে বলে অভিযোগ রয়েছে।
এ অবস্থায় শিক্ষার্থীরা জানান, ক্লাস, ওয়ার্ড রাউন্ড ও জরুরি দায়িত্ব পালনে সময়মতো পৌঁছাতে তাদের নিয়মিত সমস্যায় পড়তে হচ্ছে। রাস্তার দুই পাশে যানবাহন দাঁড়িয়ে থাকায় চলাচলের জায়গা সংকুচিত হয়ে গেছে।
শিক্ষার্থীরা বলেন, বিদ্যমান ট্রাক স্ট্যান্ডটি অন্য কোনো নির্ধারিত স্থানে স্থানান্তর করা হলে মিটফোর্ড এলাকার যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এতে রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল সহজ হবে এবং সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের কারণে সাধারণ পথচারীরাও মারাত্মক দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়ছেন।
স্থানীয় সচেতন মহল দ্রুত অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নির্দিষ্ট স্থান নির্ধারণ করে লোড-আনলোড কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, রোগী ও শিক্ষার্থীরা




