মিরপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি ও সংশ্লিষ্টরা অংশ নেন।

পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এর মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।

পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার।

এ সময় আরও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থানে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য উৎপাদন দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত প্রশিক্ষণ এবং সরকারি সহায়তার মাধ্যমে মৎস্য উৎপাদন আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, জলাশয় সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছের প্রজনন নিশ্চিত করা এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা করা গেলে এ খাত আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে মৎস্যচাষিদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে মৎস্য খাতের সম্ভাবনা, মৎস্যচাষিদের অবদান এবং দেশের পুষ্টি ও অর্থনীতিতে মৎস্যসম্পদের গুরুত্ব তুলে ধরা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন