মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শীর্ষে যুবদল নেতা কামরুজ্জামান স্বপন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান স্বপন

দীর্ঘদিন ধরে তিনি মুকসুদপুরের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে একজন পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এলাকার শিক্ষা, ধর্মীয়, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগে তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়রা জানান।

স্বপনের সমর্থকদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি প্রায় ৫০টি মামলার আসামি হন, একাধিকবার কারাবরণ করেন এবং বিভিন্ন সময় নির্যাতনের শিকার হন। তবে এসব প্রতিকূলতা ও আইনি চাপ উপেক্ষা করে তিনি দলীয় কার্যক্রম এবং সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি চালিয়ে গেছেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়ে কামরুজ্জামান স্বপন উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং মুকসুদপুরের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান।

তাঁর প্রার্থিতা ঘোষণার পর থেকেই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূল পর্যায়ে সক্রিয় উপস্থিতি এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডের কারণে তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হচ্ছেন।

অন্যদিকে, তাঁর সমর্থকদের বিশ্বাস, রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে কামরুজ্জামান স্বপন উপজেলা চেয়ারম্যান পদে একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করবেন। তবে নির্বাচনের তফসিল ঘোষণা ও রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত সিদ্ধান্তের পরই নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন