মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দূরবৃত্তদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে।
লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের নেতাকর্মীরা জানান, ২৫ মার্চ দিবাগত রাতে স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে কলেজ ক্যাম্পাসে একটি ব্যানার টাঙানো হয়। তবে পরদিন সকালে কলেজে এসে তারা দেখতে পান, ব্যানারটি ছিঁড়ে ফেলা হয়েছে এবং এর কিছু অংশ নিখোঁজ রয়েছে।
এ ঘটনায় সংগঠনটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। তাদের দাবি, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে এবং এর মাধ্যমে শহীদদের প্রতি অসম্মান দেখানো হয়েছে।
ছাত্রশিবির নেতারা বলেন, “স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে কলেজ প্রশাসনের বক্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।




