রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনার প্রতিবাদ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রেলকর্মীরা। একইসঙ্গে দায়িত্ব পালনকালে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সারাদেশে একযোগে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে দিনাজপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন স্টেশন সুপারিনটেনডেন্ট এ.বি.এম. জিয়াউর রহমান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন খাত হিসেবে রেলওয়ে জনগণকে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু দায়িত্ব পালনের সময় বিভিন্ন স্থানে রেলকর্মীদের ওপর হামলা, দুর্ব্যবহার ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব ঘটনা শুধু কর্মীদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং রেলসেবার স্বাভাবিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব ফেলছে।
বক্তারা অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীরা অযৌক্তিক বাধা ও হেনস্তার শিকার হন। তারা বলেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত না হলে জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদান ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তাই রেলকর্মীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত কর্মপরিবেশ গড়ে তোলা সময়ের দাবি।
মানববন্ধন থেকে রেলকর্মীরা কয়েকটি দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে—দায়িত্ব পালনকালে হামলা ও হেনস্তার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং রেলওয়ে স্টেশন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট এ.বি.এম. জিয়াউর রহমান বলেন, “রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে সেবার মান আরও উন্নত হবে এবং কর্মীরা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারবেন।” তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বক্তারা সতর্ক করে বলেন, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে রেলকর্মীদের স্বার্থ রক্ষায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। মানববন্ধন শেষে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।