বান্দরবানের লামায় বেড়েছে চোরের উপদ্রব, পৌরসভা এলাকায় গভীর রাতে বসতবাড়িতে তালা কেটে দুইটি মোটরসাইকেল চুরির দুঃসাহসিক ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে পৌরসভার ৪নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া ও লামা বাজার পাড়া এলাকায় এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোটরসাইকেল মালিক রুহুল আমিন খন্দকার, তিনি বর্তমানে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন এবং অন্য আরেকটির মালিক উক্যঅং মার্মা, পেশায় একজন শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা গেছে, কুটিরশিল্প সংলগ্ন নুরুল ইসলাম খন্দকারের (নলকূপ মেকানিক) বাসায় গভীর রাতে চোরচক্র হানা দেয়। তারা কৌশলে তালা কেটে রুহুল আমিনের ব্যবহৃত Yamaha FZ Version 2 যার রেজিস্ট্রেশন নম্বর: চট্ট মেট্রো ল-২১-৬৪৭৬ মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। যাওয়ার সময় চোরচক্র ঘরের তিনটি দরজা বাইরে থেকে আটকে দেয় এবং ঘর থেকে একটি ‘দা’ বের করে রাস্তায় ফেলে রেখে যায়।
একই সময়ে দুর্বৃত্তরা পাশেই থাকা আরও একটি ১৬৩ সিসির হোন্ডা এক্স-ব্লেড (Honda XBlade) মোটরসাইকেল চুরির চেষ্টা চালায়। তবে দীর্ঘক্ষণ চেষ্টা করেও সেটির লক ভাঙতে না পেরে স্টিয়ারিং বাঁকা করে বাড়ির সামনে ফেলে রেখে যায় তারা।
অপরদিকে লামা পালিঢোল বৌদ্ধ বিহার থেকে নীল রঙের সুজুকি মনোটন (Suzuki Monotone) মোটরসাইকেলটি নিয়ে চম্পট দেয় চোরের দল। চুরি হওয়া বাইকটি চট্ট মেট্রো-ল-২০-০৩৬৩। ভুক্তভোগী শিক্ষক জানান, একমাত্র বাইকটি হারিয়ে তিনি বর্তমানে চরম দুর্ভোগে পড়েছেন।
এ বিষয়ে রুহুল আমিন খন্দকার বলেন, “আজ সকালে ঘুম থেকে উঠে বের হওয়ার চেষ্টা করলে দেখি বাইরের দিক থেকে দরজা আটকানো। পাশের দুটি রুমের দরজাও একইভাবে বাইরে থেকে আটকে দেওয়া হয়েছিল। পরবর্তীতে অন্য একটি দরজা দিয়ে বের হয়ে দেখি আমার মোটরসাইকেলটি নেই। আরেকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত অবস্থায় উঠানে পড়ে আছে।”
সূত্রে আরো জানা যায় বেশ কিছু দিন ধরে লামায় চোরের উপদ্রব বেড়েছে,মোটরসাইকেল,চারটির বেশি বৈদ্যুতিক ট্রাসফার্মার,মেইন তার,পানির মোটর,দোকান ঘরসহ বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনা ঘটছে।
নাম প্রকাশেঅনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে,চোরের আতংকে রাতে ঘুমাতে পারছি না। পরপর চুরির ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এই বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।



