পবিত্র মাহে রমজানের শিক্ষা, তাৎপর্য ও মানবিক মূল্যবোধ মানুষের মাঝে ছড়িয়ে দিতে সন্দ্বীপে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে রবিবার (১৫ মার্চ ২০২৬) বিকাল ৪টায় উপজেলা কমপ্লেক্সের কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মুস্তফা কামাল পাশা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমির মুহাম্মদ আলাউদ্দিন সিকদার। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবু তাহের।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের এক অনন্য মাস। এই মাস মানুষকে আত্মসংযম, ধৈর্য, সহমর্মিতা ও তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। রমজানের প্রকৃত শিক্ষা ধারণ করতে পারলে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে নৈতিকতা, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।
বক্তারা আরও বলেন, রমজান কেবল উপবাসের মাস নয়; এটি আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের এক মহামূল্যবান সুযোগ। এই মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, কুরআন তিলাওয়াত, দান-সদকা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা সম্ভব।
সভায় বক্তারা দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তোলাই হওয়া উচিত সবার লক্ষ্য।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি, আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লিদের সম্মানে আন্তরিক পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী, আলেম-ওলামা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল সৌহার্দ্যপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত একটি তাৎপর্যপূর্ণ মিলনমেলা।




