সিলেট আদালতে ভুয়া আইনজীবীর দাপট! ‘লিজা’র প্রতারণায় ন্যায়ের খোঁজে আসা মানুষ প্রতারিত

সিলেট আদালত প্রাঙ্গণ যেন পরিণত হয়েছিল এক প্রতারকের নিরাপদ আস্তানায়! ‘লিজা’ নামের এক নারী দীর্ঘদিন ধরে ভুয়া আইনজীবী পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল—এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।

অভিযোগ উঠেছে, তিনি আইনজীবী না হয়েও নিজেকে অভিজ্ঞ আইনজীবী হিসেবে পরিচয় দিতেন। আদালতে আসা অসহায় ও বিচারপ্রার্থী মানুষদের টার্গেট করে মামলা পরিচালনা, জামিন, কাগজপত্র দ্রুত সম্পন্ন করার মিথ্যা আশ্বাস দিয়ে কৌশলে হাতিয়ে নিতেন টাকা।

সূত্র জানায়, প্রতারণার এই ফাঁদে পড়ে বহু মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে ভুক্তভোগীদের অনেকে লজ্জা ও ভয়ের কারণে মুখ খুলতে সাহস পাননি, ফলে দীর্ঘদিন ধরেই ধরা-ছোঁয়ার বাইরে ছিল এই প্রতারক।

অবশেষে বিষয়টি নজরে আসে সিলেট জেলা আইনজীবী সমিতি-এর নেতৃবৃন্দের। তাদের কৌশলী তৎপরতায় হাতেনাতে ধরা পড়ে এই ভুয়া আইনজীবী। পরে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে—যা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে।

আইন সংশ্লিষ্টরা বলছেন, আদালত প্রাঙ্গণের মতো স্পর্শকাতর স্থানে এমন প্রতারণা শুধু দুঃখজনকই নয়, বরং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্টের জন্য বড় হুমকি।

এদিকে সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলছেন, “প্রতারক ধরা পড়ার পরও যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এ ধরনের অপরাধীরা আরও উৎসাহিত হবে।”

সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে—আইনগত সহায়তা নিতে হলে অবশ্যই নিবন্ধিত ও বৈধ আইনজীবীর পরিচয় যাচাই করে নিতে হবে। অন্যথায় প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থেকেই যাবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন