অবরোধ না তুললে ওমান সাগর হবে আপনাদের কবরস্থান: ইরানের হুঁশিয়ারি

ইরানের প্রভাবশালী এক শীর্ষ কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরানের বন্দর অবরোধ অব্যাহত থাকলে “ওমান সাগরই হবে মার্কিন বাহিনীর কবরস্থান”।

তেহরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য এবং সাবেক আইআরজিসি কমান্ডার মোহসেন রেজায়ি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত দ্রুত ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করা।

তিনি বলেন, “আমরা মার্কিন সেনাবাহিনীকে পরামর্শ দিচ্ছি— অবরোধ শেষ করুন, নইলে ওমান সাগর আপনাদের কবরস্থানে পরিণত হবে।” রেজায়ি যুক্তরাষ্ট্রের এই অবরোধকে “যুদ্ধের শামিল” বলে উল্লেখ করেন এবং বলেন, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা তেহরানের অধিকার।

তার ভাষায়, “যুক্তরাষ্ট্র যত দীর্ঘ সময় ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ চালিয়ে যাবে, ততই বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ক্ষতি বাড়বে।”

যুদ্ধ বন্ধে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, এখন যুক্তরাষ্ট্রকেই প্রমাণ করতে হবে যে তারা বিশ্বাসযোগ্য। রেজায়ি বলেন, “এখন নিজেদের প্রমাণ করার দায়িত্ব আমেরিকার। আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে, একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত আছে।”

গত ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো ঘিরে অবরোধ শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান তার শর্ত অনুযায়ী শান্তিচুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে।

তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন