দিনাজপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা, জননিরাপত্তা নিশ্চিত এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন-১’-এ এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম, সামাজিক শৃঙ্খলা এবং বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় দিনাজপুর জেলার বিভিন্ন নির্বাচনী এলাকার সংসদ সদস্য, জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এবং দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
এ ছাড়া সভায় জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম (সেবা), ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, জেলা পরিষদের চেয়ারম্যান ও দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান কচি উপস্থিত ছিলেন।
সভায় জেলার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
একই সঙ্গে সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসনের চলমান কার্যক্রমের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।




