পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে সরবরাহকালে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে নোঙর করা একটি ট্রলার থেকে এই বিপুল পরিমাণ ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানা পুলিশ আন্ধারমানিক নদীতে অভিযান চালায়। এসময় রাঙ্গাবালীর উদ্দেশ্যে রওনা হওয়া একটি ট্রলার তল্লাশি করে ৩১ ব্যারেল ডিজেল (৩ হাজার ২০০ লিটার) ও ৩০ ব্যারেল পেট্রোল (৩ হাজার লিটার) পাওয়া যায়। লাইসেন্স ব্যতিরেকে অবৈধভাবে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত ও পরিবহনের অভিযোগে ট্রলারটি জব্দ করা হয়।
ঘটনার পরপরই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদীক ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অবৈধভাবে তেল সরবরাহের দায়ে ‘বিসমিল্লাহ ফিলিং স্টেশন’-এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দকৃত সম্পূর্ণ তেল সরকারি কোষাগারে জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদীক জানান, নিয়মবহির্ভূতভাবে ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে ট্রলারটি কলাপাড়া থেকে রাঙ্গাবালীর দিকে যাচ্ছিল। জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুতদারদের রুখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।




