কলাপাড়ায় ব্যতিক্রমী বৈশাখী শোভাযাত্রা

ইলিশ-বক-বাঘ-পেঁচার অবয়বে প্রাণের উচ্ছ্বাসে পটুয়াখালীর কলাপাড়ায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হলো পহেলা বৈশাখ। ১৪ ফুট দৈর্ঘ্যের ইলিশ, ১০ ফুট লম্বা বকসহ বাঘ ও পেঁচার নান্দনিক অবয়ব শোভা পায় বৈশাখী শোভাযাত্রায়, যা স্থানীয়দের মাঝে বাড়তি আকর্ষণ সৃষ্টি করে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু’র আয়োজনে পৌর শহরের কলাপট্রি এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই কৃষক, কামার, কুমার ও জেলের ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হন। তাদের হাতে ছিল গ্রামীণ জীবনে ব্যবহৃত বিলুপ্তপ্রায় নানা উপকরণ, যা শোভাযাত্রাকে দেয় ভিন্ন মাত্রা।
বাদ্যের তালে তালে নাচ-গানে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। শিশু-কিশোরদের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পায় বৈশাখের আবহ। এ সময় সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় ঐতিহ্যবাহী বাতাসা, নকুলদানা, খৈ, মোয়া ও মুড়িসহ বিভিন্ন মিষ্টান্ন।
আয়োজকেরা জানান, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই দীর্ঘ প্রায় ৩৫ বছর পর এ ধরনের জাঁকজমকপূর্ণ ও ব্যতিক্রমী শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন