চকরিয়ায় ঈদের ভিজিএফ চালে পোকা: রোজাদারদের সঙ্গে ‘প্রতারণা’, তদন্ত দাবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের সহায়তার জন্য সরকারের ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় কক্সবাজারের চকরিয়া পৌরসভায় বিতরণ করা চাল নিয়ে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে—বিতরণকৃত চাল খাবারের সম্পূর্ণ অনুপযোগী, পোকায় ভরা ও নিম্নমানের।
সরেজমিনে পাওয়া তথ্য ও একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সারাদিন রোজা রেখে অসহায় মানুষজন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ১০ কেজি করে চাল সংগ্রহ করছেন। কিন্তু বাড়িতে গিয়ে দেখা যায়, সেই চালে অসংখ্য পোকা ও দুর্গন্ধ, যা খাওয়ার অযোগ্য।
ভুক্তভোগীরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করার বদলে এই চাল তাদের জন্য হয়ে উঠেছে চরম ভোগান্তির কারণ। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা গরিব বলে কি আমাদের সঙ্গে এমন আচরণ করা হবে? এই চাল তো পশুও খাবে না।
স্থানীয়দের দাবি, এই ঘটনার মাধ্যমে শুধু অবহেলাই নয়, বরং একটি সুস্পষ্ট দুর্নীতি ও অনিয়মের চিত্র ফুটে উঠেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে চকরিয়া পৌরসভার দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল মনে করছে, এ ধরনের ঘটনা সরকারের মানবিক সহায়তা কর্মসূচির প্রতি মানুষের আস্থা নষ্ট করছে।
দাবি উঠেছে, দ্রুত তদন্ত কমিটি গঠন, দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, ক্ষতিগ্রস্তদের জন্য মানসম্মত চাল পুনর্বিতরণ।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন চকরিয়ার সচেতন নাগরিকরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন