চকরিয়ায় বাস-জিপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ বাসচালক-হেলপার পলাতক

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লাল-সবুজ পরিবহনের যাত্রীবাহী বাস ও বিপরীতমুখী লোকাল জিপের (জিটু) মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুন বাগিচা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ঈদগাঁও উপজেলার পশ্চিম গজারিয়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে মো. রফিক (২৯), চকরিয়ার খুটাখালী ইউনিয়নের সিয়ালকাটা এলাকার মৃত মঞ্জুর আলমের ছেলে মো. শাহেদ (২৭) এবং ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে জিয়াবুল হক (২৫)।
আহতরা হলেন—ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকার আব্দুস সামাদের ছেলে জিয়াবুল হক (৪০), নাপিতখালী এলাকার সৈয়দ আলমের ছেলে মো. সরোয়ার (১৯), একই এলাকার আলী মিয়ার ছেলে সৈয়দ আলম (৫০), চকরিয়ার মেধাকচ্ছপিয়া এলাকার বদরুদ্দোজার ছেলে দেলোয়ার হোসেন (৩৫) এবং টেকনাফ উপজেলার কিরনতলী এলাকার রহমত করিমের ছেলে সৈয়দ করিম (৩০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারমুখী লাল-সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে নয়াপাড়া এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে আসা একটি লোকাল জিপের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষটি এতটাই শক্তিশালী ছিল যে জিপ গাড়িটি দুমড়েমুচড়ে মহাসড়কের পাশে ছিটকে পড়ে। এতে জিপে থাকা নয়জন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য আতঙ্ক ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাকবলিত জিপ থেকে আহতদের উদ্ধার করে প্রথমে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নেওয়া হয়। পরে প্রয়োজন অনুযায়ী কয়েকজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।
মালুমঘাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সামছুজ্জামান বলেন, “অতিরিক্ত গতির একটি লাল-সবুজ পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী জিপ গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও জিপ গাড়ি দুটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, চালকদের সতর্কতা এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন