কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
রবিবার (৩ মে) রাত প্রায় ১২টার দিকে মাইজখার ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বরুড়া উপজেলার এক দম্পতি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। রাত ১০টার দিকে অটোরিকশার চার্জ শেষ হয়ে গেলে তারা হেঁটে রওনা দেন। এ সময় মোটরসাইকেলে আসা তিন যুবক তাদের পথরোধ করে অশোভন আচরণ শুরু করে। পরে আরও দুজনকে ডেকে আনে। একপর্যায়ে স্বামীকে জোর করে দূরে সরিয়ে রেখে স্ত্রীকে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।
আটককৃতর ব্যক্তিরা হলো
– মেহেদী হাসান তারেক (২৪), কামারখোলা
– মো. আশিক (৩১), মাদারপুর
– মো. আরিফ (৩৪), কামারখোলা
– মো. ইসমাইল (৩৭), কামারখোলা
চান্দিনা থানার ওসি আতিকুর রহমান জানান, ঘটনায় মোট পাঁচজন জড়িত। তাদের মধ্যে দুজন সরাসরি ধর্ষণে অংশ নেয় এবং অন্যরা সহযোগিতা করে। চারজনকে আটক করা হয়েছে, অপর একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভুক্তভোগীর স্বামী জানান, তাকে দূরে ফেলে রেখে স্ত্রীকে নির্যাতন করা হয়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার স্ত্রীকে উদ্ধার করে।
ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনায় এলাকায় মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।



