ফরিদপুরের চরভদ্রাসনে আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও ব্যাপক জনসম্পৃক্ততার মধ্য দিয়ে পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের যোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় দিবসটি রাষ্ট্রীয় মর্যাদায় সুষ্ঠু, শৃঙ্খলাবদ্ধ ও অর্থবহভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা, গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গৃহীত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তারা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ শুধু একটি স্মরণীয় দিন নয়; এটি গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার এবং দেশপ্রেমের চেতনাকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তাই দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে উদযাপনে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।




