তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষ: দিরাইয়ে পৃথক ঘটনায় নিহত ২, আহত অন্তত ৪০

সুনামগঞ্জের দিরাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পৃথক দুই গ্রামে সংঘটিত এসব ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রফিনগর ইউনিয়নের ছাদিরপুর ও রফিনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন—ছাদিরপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে আহাদুল (২৫) এবং রফিনগর গ্রামের তাহের মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৫৫)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ছাদিরপুর গ্রামে ধান শুকানোর খলা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই গ্রামের হামিদ মিয়া ও হোসেন মিয়ার সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে বুধবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুরুতর আহত হন আহাদুল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

অন্যদিকে, একই সময়ে রফিনগর গ্রামে একটি হাঁস খাওয়াকে কেন্দ্র করে শফিক মিয়া ও আশরাফ মিয়ার লোকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, আশরাফ মিয়ার পক্ষের লোকজন শফিক মিয়ার আত্মীয় আবুল বশরের একটি হাঁস খেয়ে ফেললে এ বিরোধের সূত্রপাত ঘটে। একপর্যায়ে তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। এতে গিয়াস উদ্দিন গুরুতর আহত হন এবং পরে তিনি মারা যান।

 

দুই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।

 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

 

 

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন