দোয়ারাবাজারে চড়া দামে তেল বিক্রির দায়ে ২৫ হাজার টাকা অর্থদন্ড

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকায় অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে বাংলাবাজারের ‘আরিফ ফুয়েল সাপ্লাই’ নামক প্রতিষ্ঠানের মালিক আব্দুল মতিনকে ২৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ।
জানা যায়, জরিমানাকৃত আব্দুল মতিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অভিযান চলাকালে ব্যবসায়ী আব্দুল মতিন অভিযোগ অস্বীকার করে বলেন, বাজারে তেলের সংকট থাকায় তিনি বেশি দামে তেল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। ফলে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।
একইসঙ্গে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক রেষারেষির কারণে কিছু লোক অপপ্রচার চালাচ্ছে। তবে তেলের সংকটে সাধারণ মানুষও ভোগান্তিতে পড়ছেন বলে তিনি স্বীকার করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বাজারে নিত্যপ্রয়োজনীয়পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন