নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল ২০২৬ খ্রি.) উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে আয়োজিত এ সভা পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন জনাব মাওলানা মোঃ ইয়াহিয়া সরদার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব মোঃ খলিদ মোশাররফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, পার্বতীপুর।
সভায় মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, যুগোপযোগী পাঠদান পদ্ধতি প্রবর্তন এবং নৈতিক শিক্ষার বিস্তার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিশুদের মাঝে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতা গড়ে তুলতে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম একটি কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য সংশ্লিষ্ট শিক্ষকদের আন্তরিকতা, দায়িত্ববোধ ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। শিশুদের মাঝে শৃঙ্খলা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে মসজিদভিত্তিক শিক্ষার বিকল্প নেই।”
সভায় বক্তারা বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার সাথে সম্পৃক্ত করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শামসুদ্দোহা, ফিল্ড সুপারভাইজার; জনাব মোঃ শারাফাত উল্লাহ, মডেল কেয়ারটেকার; জনাব মোঃ মশিউর রহমান, জিসি ডাক্তার হাফেজ মাওলানা; এবং জনাব মোঃ আনিসুর রহমান, জিসি। তারা মাঠপর্যায়ের অভিজ্ঞতা, সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরে কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন বাস্তবধর্মী পরামর্শ প্রদান করেন।
সভায় উপজেলার বিভিন্ন মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




