দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় ক্ষুব্ধ জনতা তাদের ব্যবহৃত একটি অটোরিকশায় আগুন দেয়।
আটককৃতরা হলেন—সোনাপুকুর চাকলা পশ্চিমপাড়া গ্রামের মাহাতাব উদ্দিন এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার খোরদো বোতলাগাড়ি গ্রামের আতাউর রহমান।
স্থানীয়দের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন নজরদারির মাধ্যমে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকের পর উত্তেজিত জনতা তাদের মারধর করে এবং ব্যবহৃত অটোরিকশায় আগুন দেয়। পরে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক দুইজনকে হেফাজতে নেয়।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, অগ্নিদগ্ধ অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে এলাকাবাসী দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।




