পুঠিয়ায় পীরের বিরুদ্ধে ভক্তের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর চকধাদাশ এলাকায় এক পীরের বিরুদ্ধে ভক্তের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১৮ মে) রাজশাহীর বেলপুকুর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী রাজিয়া বেগম।

মামলার আসামিরা হলেন পুঠিয়া উপজেলার চকধাদাশ গ্রামের বাসিন্দা হামিদ ফকির (৬৭) এবং ভুক্তভোগীর স্বামী রুবেল। অভিযুক্ত হামিদ ফকিরের বাড়ির পাশে একটি আস্তানা রয়েছে, যেখানে বিভিন্ন এলাকা থেকে ভক্তরা যাতায়াত করেন বলে জানা গেছে।

ভুক্তভোগী রাজিয়া বেগমের অভিযোগ, প্রায় ছয় মাস আগে বেলপুকুর জামিরা এলাকার রুবেলের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর বাড়িতে তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে পড়তে হয়েছে।

তিনি জানান, সম্প্রতি তার স্বামী বাজারে নেওয়ার কথা বলে কৌশলে তাকে বানেশ্বর এলাকার চকধাদাশ গ্রামে হামিদ ফকিরের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক আটক রেখে হাত-পা বেঁধে নির্যাতন ও ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে তার স্বামী তাকে বাড়িতে নিয়ে গিয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। পরে সুযোগ বুঝে রাজিয়া সেখান থেকে পালিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। কয়েকদিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও এখনো তিনি পুরোপুরি সুস্থ নন বলে জানিয়েছে তার পরিবার।

এদিকে ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত রুবেলের বাড়িতে গেলে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে তিনি বাড়িতে তালা দিয়ে পালিয়ে যান। অপরদিকে হামিদ ফকিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি অভিযুক্ত পীরের আস্তানা প্রশাসনের মাধ্যমে অপসারণের দাবিও জানান তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে এবং আসামিদের গ্রেফতারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন