পুলিশের কাছ থেকে দুই ইয়াবা ব্যবসায়ী ছিনতাই

সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন খাদিমপাড়া এলাকায় পুলিশের কাছ থেকে দুই ইয়াবা ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পুলিশের কাছ থেকে দুই ইয়াবা ব্যবসায়ী ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের নিয়মিত অভিযান চলছে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গত (১৭ মার্চ) সন্ধ্যায় শাহপরাণ থানা পুলিশের একটি দল খাদিমপাড়া এলাকার দলইপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় আহাদের দোকানের সামনে হুবহু পুলিশের পুরাতন পিকআপের মতো দেখতে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ঠ-১৪-১২৭৫) তল্লাশি করে ২৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় শহিদুল ইসলাম ও জাবেদ আহমদ নামে দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর আসামিরা চিৎকার করতে থাকলে তাদের সহযোগীরা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়। মাদক কারবারি আব্দুল আহাদ কুটন, এনাম, সাকিব, রেবুল, রোমান ও রাজিবের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের পথরোধ করে ‘মব’ সৃষ্টি করে। তারা পুলিশের ওপর চড়াও হয়ে আটক দুই মাদক ব্যবসায়ীকে পিকআপসহ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ২৯৭ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয় পুলিশ।

জানা যায়, দীর্ঘদিন ধরে শহিদুল ও জাবেদসহ তাদের সহযোগীরা মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে হাইওয়ে পুলিশের ব্যবহৃত পুরাতন একটি পিকআপ ভ্যান নিলামে কিনে সেটি মাদক পরিবহনের কাজে ব্যবহার করত তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হলেও ‘মব’ সৃষ্টি করে তাদের ছিনিয়ে নেয় সহযোগীরা।

ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান আরও জানান, আটকদের থানায় নেওয়ার পথে স্থানীয় কিছু মাদক কারবারি ও বাসিন্দা মিলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং পুলিশের ওপর হামলা চালিয়ে পিকআপসহ আসামিদের ছিনিয়ে নেয়। এ ঘটনায় শাহপরাণ থানার এসআই মো. আলিফ বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে শাহপরাণ থানায় একটি মামলা (নম্বর-৩০/৬৯) দায়ের করেছেন।

 

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন