মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফল মেলা-২০২৬ উদ্বোধন

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফল মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় মাগুরা কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট মাঠে এসে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার ভারপ্রাপ্ত উপপরিচালক আজম উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক বনায়ন জোন, মাগুরার সহকারী বন সংরক্ষক মোছাঃ জুমুয়া জামান।
সঞ্চালনায় ছিলেন নাহিদুর রহমান দুর্জয়
মেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা, ফলসহ মোট ৩০টি স্টল স্থান পেয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দেওয়া হয়।
জেলা প্রশাসন, মাগুরার আয়োজনে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এতে সহযোগিতা করছে সামাজিক বনায়ন জোন, মাগুরা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা।
আয়োজকরা জানান, ২০ আগস্ট থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলার ১০ দিন বিকেলে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামী ২৯ আগস্ট বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরায় মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টি এবং দেশীয় ফল ও বৃক্ষের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন