ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনগণের দোরগোড়ায় আধুনিক ভূমিসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে মাগুরায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। ১৯ মে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালি, বেলুন উড্ডয়ন এবং উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়। ১৯ মে থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২১ মে ২০২৬ পর্যন্ত চলবে।
দিবসটির শুরুতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে মেলা প্রাঙ্গণে রঙিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে ৩ দিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
মেলার অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সভায় বক্তারা “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি উন্নয়ন কর ই-নামজারি, খতিয়ান, মৌজা ম্যাপ এবং অনলাইন ভূমিসেবা ডিজিটাল পদ্ধতিতে পাওয়ার নানা দিক তুলে ধরেন। সাধারণ জনগণকে ভূমি সংক্রান্ত হয়রানি ও দালালচক্রের হাত থেকে মুক্ত রেখে সহজে ও দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসন, মাগুরা এবং উপজেলা প্রশাসন, মাগুরা সদর কর্তৃক আয়োজিত এই মেলায় ডিজিটাল ভূমিসেবা প্রদর্শনের জন্য বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে। মেলা প্রাঙ্গণে প্রজেক্টরের মাধ্যমে ই-সেবা কার্যক্রমের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। আগত দর্শনার্থী ও সেবাগ্রহীতারা মেলা প্রাঙ্গণ থেকেই ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য, আইনি পরামর্শ এবং তাৎক্ষণিক অনলাইন সেবা গ্রহণ করতে পারছেন।
ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত ৩ দিনব্যাপী এই মেলাটি প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। জেলা প্রশাসন আশা প্রকাশ করেছে, এই মেলার মাধ্যমে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।



