মুন্সীরহাট ছাত্রদলে হঠাৎ পদত্যাগ, জাবেদকে ঘিরে শুরু সমালোচনা

ফেনীর ফুলগাজী উপজেলার ২নং মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তার এই পদত্যাগকে ঘিরে স্থানীয় ছাত্ররাজনীতিতে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
গত সোমবার (৯ মার্চ) রাতে জাবেদ হোসেন নিজের পদত্যাগপত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। সেখানে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রদলের কমিটি থেকে সরে দাঁড়ানোর কথা জানান।
জানা যায়, জাবেদ হোসেন মুন্সীরহাট ইউনিয়নের মান্দারপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের কুমিরায় চাকরি করছেন। তবে পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, চাকরির কারণে রাজনীতিতে সময় দেওয়া একেবারে অসম্ভব ছিল না এবং তার পদত্যাগ কোনো অভিমান বা ক্ষোভের ফল নয়।
পদত্যাগের বিষয়টি তিনি ফুলগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইউছুফ ও সদস্য সচিব আবদুল আলিম বাবুকে জানিয়েছেন বলেও উল্লেখ করেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল আলিম বাবু বলেন, বিষয়টি তাকে মৌখিকভাবে জানানো হয়েছে এবং তিনি বিষয়টি বিবেচনা করতে বলেছেন।
অন্যদিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইউছুফ জানান, “জাবেদ হোসেন চট্টগ্রামে চাকরি করেন জানি, তবে তার পদত্যাগের বিষয়টি আমার জানা নেই।”
এদিকে স্থানীয় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—দলের কঠিন সময়ে যে কর্মী পাশে ছিলেন, তিনি কেন হঠাৎ ভালো সময়েই সরে দাঁড়ালেন? তার পদত্যাগের পেছনে কি শুধুই ব্যক্তিগত কারণ, নাকি রয়েছে অন্য কোনো অজানা কারণ?
আরও প্রশ্ন উঠছে, বিষয়টি নিয়ে দলের অন্যান্য নেতা-কর্মীদের নীরবতা কি কোনো ইঙ্গিত বহন করছে?
তবে পদত্যাগের পরও জাবেদ হোসেন দল ও সংগঠনের প্রতি সহমর্মিতা ও শুভকামনা প্রকাশ করেছেন।
প্রশ্ন এখন একটাই—মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রদলের এই পদত্যাগ কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো অপ্রকাশিত কারণ?

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন