যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ৫টি স্বর্ণের বারসহ ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
বুধবার রাত আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়। এ সময় ফারুক হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুমিল্লার দাউদকান্দির মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে।
বিজিবি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করে বলেন তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। #