নাটোরের লালপুর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের কয়েকটি পরিবারের কাছে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি এবং টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে চিঠি রেখে যাওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি জানাজানি হলে উপজেলার বাকনাই গ্রামের পালপাড়া এলাকায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত প্রায় ১১টার দিকে উপজেলার বাকনাই গ্রামের পালপাড়ায় নারায়ণ কুমার পালের (পিতা- বৈদ্যনাথ পাল) বাড়ির বারান্দায় অজ্ঞাত দুর্বৃত্তরা একটি হুমকিমূলক চিঠি রেখে যায়। রাতে নারায়ণ কুমার পালের ছেলে অরুণ কুমার পাল চিঠিটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করেন। পরে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বিষয়টি কাউকে জানানো যাবে না। পালপাড়ার প্রতিটি হিন্দু পরিবারকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা করে নির্দিষ্ট একটি নম্বরে পাঠাতে হবে। অন্যথায় ২৪ ঘণ্টার মধ্যে পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে একটি বিকাশ নম্বরও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে একটি পরিবারে চিঠি পৌঁছানোর পর তা অন্য হিন্দু পরিবারগুলোর কাছেও পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার পর থেকে এলাকার হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলো আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
খবর পেয়ে লালপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ চিঠিটি জব্দ করেছে এবং এর উৎস শনাক্তসহ জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে লালপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হুমকিমূলক চিঠির উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।




