লালমনিরহাট আদিতমারী-কালীগঞ্জ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আদিতমারী উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতারা। রোকন উদ্দিন বাবুল লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি।
সোমবার বিকেল ৫টায় আদিতমারী উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিনি দলীয় মূলধারা ও প্রবীণ নেতাদের তোয়াক্কা না করে নিজস্ব স্বার্থ গুছিয়ে চলছেন। এছাড়া জাতীয় পার্টি, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ, জামায়াতে ইসলাম এবং স্বার্থান্বেষী মহলের সাথে যোগসাজশে নিজের ইচ্ছামতো উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন, যা বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করছে।
অভিযোগে আরও বলা হয়, নির্বাচনের পর এমপি রোকন উদ্দিন বাবুল কোনো ধরনের মূল্যায়ন সভা বা এলাকার সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেননি। উল্টো কেন্দ্র এবং তৃণমূলের নির্দেশনা অমান্য করে আগামী ১৮ আগস্ট আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে দলের নাম ভাঙিয়ে একটি বিধিবহির্ভূত সভার আহ্বান করা হয়েছে, যার বিষয়ে মূল বিএনপি ও সহযোগী সংগঠনের মূল নেতারা কিছুই জানেন না।
সাম্প্রতিক একটি ঘটনা উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নির্ধারিত সময় বেলা ১১টা শেষে সম্পন্ন ঘোষণা করা হয়। কিন্তু পরবর্তীকালে এমপির নির্দেশে দুপুরে আদিতমারী উপজেলা দলীয় কার্যালয়ের তালা ভেঙে অনধিকার প্রবেশ করে অনাকাঙ্ক্ষিতভাবে আরেকটি সভা করা হয়, যা তৃণমূল নেতাকর্মীদের ক্ষুব্ধ করে তোলে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আদিতমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক নাদিরুল ইসলাম ইসলাম মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আবু ইয়াহিয়া ইউনুছ আহম্মেদ, আদিতমারী উপজেলা যুবদলের আহবায়ক হাসানুল বান্না, সদস্যসচিব আবু বাক্কার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহারিয়ার আলম রনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল হালিমসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোমবার রাতে এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, ‘ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে না পেরে কিছু নেতা আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলেছেন। আমার সঙ্গে তৃণমুল বিএনপি নেতাকর্মীদের নিয়মিত যোগাযোগ আছে এবং আমার বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই।


