পিরোজপুরের কাউখালীতে ভাত রান্না নিয়ে বিরোধের জেরে কানন বালা (৬৫) নামে এক বৃদ্ধা মাকে কাঠের ডাসা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে সৃজন বালা (৩০)-এর বিরুদ্ধে। এ ঘটনায় সৃজন বালাকে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিয়ালকাঠী গ্রামের নিজ বসতঘরে গত রোববার (১৬ আগস্ট) রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। একবেলা খাবারের জন্য দেড় পট চাল রান্না করা নিয়ে মা ও ছেলের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সৃজন বালা কাঠের ডাসা দিয়ে তার মায়ের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার আঘাত করেন। এতে কানন বালা গুরুতর আহত হন।
নিহতের ভাই প্রদীপ মিস্ত্রি বলেন, পারিবারিক বিষয় নিয়ে বিরোধের সূত্রপাত হয়। দেড় পটের পরিবর্তে দুই পট চাল রান্না না করায় মা-ছেলের মধ্যে ঝগড়া হয়। পরে সৃজন তার মাকে কাঠের ডাসা দিয়ে মারধর করেন।
পরিবারের সদস্যরা গুরুতর আহত কানন বালাকে সোমবার (১৭ আগস্ট) ভোর ৬টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল কোতোয়ালি থানা পুলিশের মাধ্যমে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই প্রদীপ মিস্ত্রি বুলু বাদী হয়ে সৃজন বালার বিরুদ্ধে কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা জানান, হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে সৃজন বালাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।



