সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

​সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা আজ রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা ছাড়াও জ্বালানী তেলের সরবরাহ ও মজুদসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

​সভায় জানানো হয় যে, বিগত বছরের তুলনায় চলতি বছরের মার্চ মাসে জেলায় জ্বালানী তেলের সরবরাহ প্রায় দেড়গুণ বৃদ্ধি পেয়েছে। এই সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের কৃত্রিম সংকট রোধে জেলা জুড়ে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে জ্বালানী তেলের অবৈধ মজুদদারির বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

​আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনভোগান্তি কমাতে সভায় শহরের যানজট নিরসনে নির্দিষ্ট বাস স্টপেজ বা বাস থামার স্থান চিহ্নিত করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া মাদক নির্মূলে বিশেষ অভিযান জোরদারকরণ এবং সুন্দরবনে বনদস্যু ও জলদস্যুদের তৎপরতা বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি সরকারি খাস জমি উদ্ধার ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়েও সভায় ঐকমত্য পোষণ করা হয়।

​সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো: ইজ্জতুল্লাহ ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। এছাড়া অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম এবং ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। সভায় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন