জাতীয় শোকের দিন ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নওগাঁর ধামইরহাট উপজেলা ও রাজশাহীর চারঘাট উপজেলায় পৃথকভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
নওগাঁর ধামইরহাট উপজেলায় বুধবার (২৫ মার্চ ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্মম গণহত্যা চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগসহ দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়, যার উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করে দেওয়া।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অন্যদিকে, রাজশাহীর চারঘাট উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে একই দিন সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজানের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, বীর মুক্তিযোদ্ধা মুকাররম হোসেন, চারঘাট মডেল থানার উপপরিদর্শক কামরুজ্জামান, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এবং চারঘাট থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীর আনজুম অনিক, সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল আহমেদ, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বান জানান এবং ২৫ মার্চের গণহত্যার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।




