
“অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আইন অনুযায়ী অপরাধীর বিচার হবেই”—এমন মন্তব্য করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬) খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।
রোববার (১৮ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় কালী মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে তিনি ঝিনাইদহে আসেন। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, খুলনা বিভাগের প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে, যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করা যায়।
তিনি আরও বলেন, নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপগুলোতে বিশেষ সতর্কতা ও বাড়তি নজরদারি রাখা হয়েছে। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে বলেন, অপরাধের সঙ্গে জড়িত কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধ করলে আইন অনুযায়ী তার বিচার নিশ্চিত করা হবে।
এ সময় ঝিনাইদহে দায়িত্বপ্রাপ্ত এসআরবি কর্মকর্তারা এবং কেন্দ্রীয় কালী মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





