আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি বলেছেন, মনে হচ্ছে যুক্তরাষ্ট্র আগামী এক বা দুদিনের মধ্যেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করবে।
এলমাসরি আল জাজিরাকে বলেন, এর কারণ হলো বিভিন্ন ধরনের লোক ট্রাম্পকে পরামর্শ দিচ্ছেন। এর মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ট্রাম্পের নিজের প্রশাসনেরই ‘অত্যন্ত যুদ্ধবাজ ব্যক্তিরা’ও রয়েছেন।
এলমাসরি বলেন, তিনি ইরানিদের কাছ থেকে যে ধরনের আত্মসমর্পণ চেয়েছিলেন এবং আশা করেছিলেন, তা পাননি।” তিনি আরও যোগ করেন যে, ট্রাম্প “আলোচনা ভিন্নভাবে এগোবে বলেও আশা করেছিলেন” এবং চীনে তার চীনা প্রতিপক্ষ শি জিনপিংয়ের সঙ্গে সাম্প্রতিক শীর্ষ সম্মেলনে তার উচ্চ প্রত্যাশা ছিল।
এলমাসরি বলেন, তিনি বিশ্বাস করেন যে এই মুহূর্তে ট্রাম্পের জন্য যুদ্ধ শেষ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। কারণ রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি ‘তার জন্য একটি সত্যিকারের বিপর্যয়’ হয়ে দাঁড়িয়েছে।
তবে তার এমনটা করার সম্ভাবনা খুবই কম। কারণ ট্রাম্প এই মুহূর্তে আমেরিকার জনগণের কাছে একটি বিশ্বাসযোগ্য বিজয়ের ঘোষণা নিয়ে ফিরে যেতে পারবেন না। আর এই আশঙ্কাই তাকে যুদ্ধের দিকে আরও বেশি প্ররোচিত করছে।



