
পিরোজপুরের কাউখালীতে আগাম মাল্টা সংগ্রহ ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে কৃষকদের সচেতন করতে উপজেলা কৃষি অফিস, কাউখালীর পক্ষ থেকে একটি নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, অপরিপক্ব মাল্টা সংগ্রহ ও বাজারজাত না করে সঠিক সময়ে ফল সংগ্রহ করতে হবে। আগাম মাল্টা সংগ্রহের ফলে ফলের স্বাদ ও রসের মান কমে যায়। পাশাপাশি এর ওজন কম হওয়ায় কৃষক ন্যায্য বাজারমূল্য থেকে বঞ্চিত হতে পারেন। অপরিপক্ব মাল্টা দ্রুত পচনশীল হওয়ায় নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে।
এতে আরও উল্লেখ করা হয়, আগাম মাল্টা সংগ্রহ করলে কৃষকের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পরবর্তীতে দেশি মাল্টা কেনার প্রতি ভোক্তাদের আগ্রহ কমে যেতে পারে।
উপজেলা কৃষি অফিসের নির্দেশনায় মাল্টা সংগ্রহের সঠিক সময় হিসেবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর ফল সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।
কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে উপজেলা কৃষি অফিস, কাউখালী জানিয়েছে, গুণগত মান বজায় রেখে সঠিক সময়ে মাল্টা সংগ্রহ ও বাজারজাত করলে কৃষক যেমন ন্যায্য মূল্য পাবেন, তেমনি দেশি মাল্টার প্রতি ভোক্তাদের আস্থাও বজায় থাকবে।।




