
ঢাকা মেডিকেল ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অপমান ও “দালাল” আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) আমতলী উপজেলা শাখা।
সোমবার (১১ মে ২০২৬) সকাল ১০টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তারা চিকিৎসকদের কাছে ওষুধের সঠিক তথ্য উপস্থাপন, নতুন ওষুধ সম্পর্কে অবহিতকরণ এবং রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা করেন। কিন্তু সম্প্রতি বিভিন্ন স্থানে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের “দালাল” আখ্যা দিয়ে অপমান ও অসম্মান করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের প্রায় চার লক্ষাধিক প্রতিনিধি এই পেশার সঙ্গে জড়িত রয়েছেন। তাদের সম্মানহানিকর বক্তব্য ও আচরণে পেশাজীবীদের মধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে এবং স্বাস্থ্যখাতে নেতিবাচক প্রভাব পড়ছে।
ফারিয়ার নেতৃবৃন্দ দাবি জানান—
১. ওষুধ কোম্পানির প্রতিনিধিদের “দালাল” আখ্যা প্রদান বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।
২. সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে অপমানজনক বক্তব্য প্রচার বন্ধে ব্যবস্থা নিতে হবে।
৩. স্বাস্থ্য মন্ত্রণালয়, বিএমএ, ওষুধ প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে সমন্বিত বৈঠকের আয়োজন করতে হবে।
৪. মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত কার্যক্রম পরিচালনায় সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে।
মানববন্ধনে আমতলী উপজেলা ফারিয়ার সভাপতি মো. তারিকুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মো. সামসুল হক সাইফুল ও সাংগঠনিক সম্পাদক মোঃ মহসীন উদ্দীন নবীন সহ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





