
মাদকের কুপোভাব থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নেত্রকোনার পূর্বধলায় সোচ্চার হয়ে উঠেছে এলাকার সচেতন তরুণ ও যুবসমাজ। ‘মাদক নির্মূল কমিটি’র উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শুভখাই গ্রামে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
মাদক নির্মূল কমিটির উপদেষ্টা আবু হুজাইফা এর সভাপতিত্বে এই প্রতিবাদ মিছিলটি বের হয়।
মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন । মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা মাদক ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিভিন্ন সোচ্চার ও সচেতনতামূলক স্লোগান দেন। এ সময় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের মিছিল শেষে ইটখলা বাজারে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাদকের ভয়াবহ পরিণতির কথা তুলে ধরে বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং যুবসমাজের ভবিষ্যৎ, পারিবারিক শান্তি এবং সামাজিক স্থিতিশীলতার জন্য চরম হুমকি হয়ে দাঁড়ায়।
বক্তারা মাদক সরবরাহ ও কেনাবেচার পথ বন্ধ করতে পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে এবং মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে জোর দাবী জানান, পাশাপাশি এলাকার যুবকদের জোড়ালো সামাজিক প্রতিরোধ ও সুস্থ সমাজ গঠনে অগ্রণী ভূমিকার আহ্বান জানান ।
এ সময় সভায় উপস্থিত ছিলেন শুভখাই মাদক নির্মূল কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোবারক হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক রিফাতুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী কাওসার আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকির হোসেন ফাহিম এবং টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ইঞ্জিনিয়ার হানিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
একটি সুস্থ, সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় স্থানীয় তরুণদেরকে সামনের সারি থেকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন ।




