কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে কক্সবাজারে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ রবিবার (৯ আগস্ট ২০২৬) সকাল পৌনে ১১টার দিকে মহেশখালীর মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পৌঁছানোর পর তাঁকে সংশ্লিষ্ট কর্মকর্তারা অভ্যর্থনা জানান।
পরে প্রধানমন্ত্রী মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা)-এর অধিভুক্ত এলাকায় প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে অংশ নেন। ব্রিফিংয়ে মহেশখালী-মাতারবাড়ি অঞ্চলের চলমান ও প্রস্তাবিত উন্নয়ন কর্মকাণ্ড, অবকাঠামো সম্প্রসারণ, শিল্পায়ন এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন তথ্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে বিশেষ গুরুত্ব পাচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্রকেন্দ্রিক উন্নয়ন কর্মকাণ্ড। সফরকালে তিনি মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।
মাতারবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎ অবকাঠামোকে দেশের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, আমদানি-রপ্তানি বাণিজ্য এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ফলে প্রধানমন্ত্রীর এ সফরে এসব প্রকল্পের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন সম্ভাবনা গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চালু হলে দেশের সমুদ্রবাণিজ্যের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বৃহৎ জাহাজে পণ্য পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে মহেশখালী-মাতারবাড়ি এলাকায় পরিকল্পিত শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়নে মিডার কার্যক্রমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালী ও মাতারবাড়ি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সফরের বিভিন্ন কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
কক্সবাজার সফর শেষে প্রধানমন্ত্রী চট্টগ্রাম জেলা সফরের কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।




