কক্সবাজারে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা নিরাপদ, শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস

কক্সবাজারে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আঃ মান্নান।
সভায় কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশসহ জেলার বিভিন্ন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা ও জেলা পর্যায়ের বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও সভায় অংশ নেন।
সভায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি দোলন ধর, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ, কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাপ্পি শর্মাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়; এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও গুরুত্বপূর্ণ প্রতীক। তাই উৎসবকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে নিরাপদ, শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজাকে কেন্দ্র করে জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে কক্সবাজার জেলার সর্বত্র শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন