
চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও উত্তেজনা দেখা দিয়েছে। ভোট কারচুপি এবং চরম অব্যবস্থাপনার অভিযোগ তুলে কদমতলী রেলগেট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন চালক ও শ্রমিকেরা। ফলে ওই এলাকার দুই পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে কদমতলী মোড়ে এই ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, এবারের নির্বাচনে ৩ হাজার ৫৬১ জন নিবন্ধিত ভোটার থাকা সত্ত্বেও সঠিক কোনো বুথ ব্যবস্থাপনা ছিল না। বিকেল গড়ালেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের একটি অংশকে জানানো হয় যে ব্যালট পেপার শেষ হয়ে গেছে। ফলে প্রায় ১০০ থেকে ১৫০ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।
আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ জানান, আইডি কার্ড ও ভোটার তালিকা সঠিকভাবে যাচাই না করেই তড়িঘড়ি করে ভোট নেওয়া হচ্ছিল। বহিরাগত এবং ভুয়া ব্যক্তিদের ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ারও অভিযোগ তোলা হয়। ব্যালট ফুরিয়ে যাওয়ার বিষয়ে নির্বাচন পরিচালনাকারীদের কাছে সদুত্তর না পেয়ে দুই পক্ষের মধ্যে তীব্র হট্টগোল ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এতে কয়েকজন পরিবহন শ্রমিক আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ডবলমুড়িং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, “শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচন নিয়ে ঝামেলার জেরে সড়ক অবরোধের ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক করতে কোতোয়ালী, সদরঘাট ও ডবলমুড়িং থানা পুলিশ যৌথভাবে কদমতলী এলাকায় দায়িত্ব পালন করছে।
