ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, বিয়ার, গাঁজা এবং মাদক বিক্রির নগদ অর্থসহ ফিরোজ মিয়া (৬৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মো. কামরুল (২২) নামে আরেকজন আসামি পলাতক রয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ মে ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত কসবা থানাধীন গোপীনাথপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জেটুয়ামুড়া (মধ্যপাড়া) গ্রামে এই অভিযান পরিচালিত হয়। আসামিদের নিজ দখলীয় ৫ কক্ষ বিশিষ্ট একতলা বসতঘরের দক্ষিণ-পশ্চিম পাশের কক্ষে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি ফিরোজ মিয়া জেটুয়ামুড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। অন্যদিকে পলাতক আসামি মো. কামরুল গ্রেপ্তারকৃত ফিরোজ মিয়ার ছেলে।
উদ্ধারকৃত আলামত:
তল্লাশিকালে একটি সিনথেটিক ব্যাগ ও পলিথিনের ভেতর থেকে নিম্নলিখিত মাদকদ্রব্য ও অর্থ জব্দ করা হয়—
ব্রো-কোড (BRO-CODE): ৩৩০ এম.এল. এর ৬ বোতল ভারতীয় বিয়ার (মোট ১৯৮০ এম.এল.)।
হি-ম্যান (HE-MAN): ৬৫০ এম.এল. এর ১ বোতল ভারতীয় বিয়ার।
নাইট রাইডার ভদকা (KNIGHT RIDER VODKA): ৩৭৫ এম.এল. এর ১ বোতল।
ম্যাকডুয়েলস (MC DOWELL’S): ১৮০ এম.এল. এর ৩ বোতল ভারতীয় হুইস্কি (মোট ৫৪০ এম.এল.)।
ওল্ড মঙ্ক রাম (OLD MONK RUM): ৩৭৫ এম.এল. এর ১ বোতল ভারতীয় মদ।
গাঁজা: কালো রঙের পলিথিনের ভেতর মোড়ানো ২৫০ গ্রাম গাঁজা।
নগদ অর্থ: অবৈধ মাদক বিক্রয়লব্ধ নগদ ৩১,০০০ (একত্রিশ হাজার) টাকা (১০০০ টাকার ৩১টি নোট)।
আইনি ব্যবস্থা:
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) জনাব মো. তায়রীফুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত এবং পলাতক—এই ২ জন আসামির বিরুদ্ধে কসবা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।




