কাউখালীতে যানজট, ফুটপাত দখল, মাদক ও নদীভাঙন নিয়ে উদ্বেগ, সমস্যা সমাধানে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়

পিরোজপুরের কাউখালী উপজেলার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ ও নাগরিক সমস্যার সমাধানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। সভায় শহরের যানজট, ফুটপাত দখল, মাদক ও সন্ত্রাস, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং নদীভাঙনসহ স্থানীয় নানা সমস্যা ও সম্ভাবনার বিষয় উঠে আসে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান।
মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সুধীজন বক্তব্য দেন। বক্তারা কাউখালী শহরের ক্রমবর্ধমান যানজট, সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নদীভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পাশাপাশি উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, জনসেবা ও স্থানীয় সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা বলেন, পরিকল্পিত উদ্যোগ ও প্রশাসনের কার্যকর তদারকি নিশ্চিত করা গেলে কাউখালীর দীর্ঘদিনের জনদুর্ভোগ অনেকাংশে কমানো সম্ভব। বিশেষ করে যানজট নিরসন, ফুটপাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা এখন সময়ের দাবি।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সংবাদকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী আমরাজুড়ি ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। পরে তিনি কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে ইরেসপো প্রকল্পের আওতায় পরিচালিত কিশোরী সংঘের সদস্যদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন