
পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান চালিয়ে ৬৯টি শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি সেট, দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল, ভুয়া অস্ত্র লাইসেন্স ও ভুয়া পুলিশ পরিচয়পত্রসহ মোঃ শাওন ইসলাম অপু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে কাউখালী থানাধীন ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তার কাছে মৃত শাখাওয়াত হোসেনের দোতলা ভবনের ছাদে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় এবং কাউখালী থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করছিল পুলিশের একটি চৌকস দল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ভবনের ছাদ থেকে অভিযুক্ত শাওন ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে—Rubber Buckshot, 2023-BP-67mm, Made in Cyprus লেখা ৬৯টি শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি সেট, দুটি দেশীয় ছোরা, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্র লাইসেন্স, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড এবং একটি চামড়ার তৈরি অস্ত্রের কভার।
উদ্ধার করা ওয়াকিটকির একটির গায়ে Motorola, Model No: AAH38KDC9AA3A9FD, Serial No: 004THQF993, Made in Malaysia এবং অপরটির গায়ে VX-821-67-5, Serial No: 9M730375, Made in Croatia লেখা রয়েছে।
এ ছাড়া উদ্ধার হওয়া খেলনা পিস্তলটির গায়ে PIETRO BERETTA, US, 9mm M9-P BERETTA, MOD. 22FS, CAL 9 লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার শাওন ইসলাম অপু শিয়ালকাঠী গ্রামের মৃত মোঃ শাখাওয়াত হোসেন ও মৃত বিউটি আক্তারের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, যেকোনো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে।




