
সিরাজগঞ্জের কাজিপুরে কুকুরে কামড়ানো গরু ক্রয়-বিক্রির ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্য সালিসে ২০ লাখ টাকা জরিমানা ধার্যের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
আপডেট তথ্য: এ ঘটনায় অভিযুক্তদের ভুট্টার গুদাম তালাবদ্ধ ও ব্যবসা বন্ধের অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ভুক্তভোগী পরিবারগুলো আংশিক টাকা পরিশোধ করতেও বাধ্য হয়েছে। গরু মালিক বাদশা মিয়ার পরিবার ১ লাখ টাকা জরিমানার মধ্যে ২টি গরু বিক্রি করে স্থানীয় দোকানদারের কাছে জমা দিয়েছে, ব্যবসায়ী ফিরোজ ৯ লাখের মধ্যে ১ লাখ এবং কসাই আলাউদ্দিন ১০ লাখের মধ্যে ৩৯ হাজার টাকা পরিশোধ করেছেন।
তবে সালিসের এক বিচারক তেকানি ইউনিয়নের সাবেক শিক্ষক খোশ মাহমুদ দাবি করেছেন, জরিমানা ধার্য হলেও আদায় হয়নি। অপর বিচারক সাবেক চেয়ারম্যান মাজহারুল আনোয়ার জরিমানার কথা স্বীকার করে বলেন, কয়েকশ মানুষ ওই গরুর মাংস খেয়ে ভ্যাকসিন নিয়েছে, তাদের ভ্যাকসিনের টাকা ফেরত দিতে এই জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। গ্রাম্য সালিসে এভাবে ২০ লাখ টাকা জরিমানা ও গুদাম তালাবদ্ধ করা সম্পূর্ণ বিধিসম্মত নয়। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
স্থানীয় সচেতন মহল বলছে, এটি সালিসের নামে চাঁদাবাজি।





