কানাইপুর বাজারে কাচামালের সংকট নিরসনে বাজারের ব্যাবসায়ীদের নিয়ে চেয়ারম্যানের আলোচনা সভা

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে কাঁচামাল, তরিতরকারি ও মাছের সংকট নিরসনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় কাঁচামালের সরবরাহ কমে যাওয়া এবং অতিরিক্ত ধলতা (খাজনা/চাঁদা) নেওয়ার কারণে পণ্যের সংকট ও দাম বাড়ার অভিযোগ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন।
সম্প্রতি কানাইপুর বাজারে বিভিন্ন ধরনের তরিতরকারি ও কাঁচামালের সরবরাহ কমে যাওয়ায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনেক সময় প্রয়োজনীয় সবজি ও মাছ বাজারে পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন স্থানীয় ক্রেতারা। এতে একদিকে যেমন সাধারণ মানুষকে বাড়তি দামে পণ্য কিনতে হচ্ছে, অন্যদিকে ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন।
মতবিনিময় সভায় চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, বাজারে কাঁচামালের ঘাটতি দেখা দিয়েছে। প্রয়োজনীয় তরিতরকারি নিয়মিতভাবে বাজারে মিলছে না। এর অন্যতম কারণ হিসেবে তিনি বাজারে অতিরিক্ত ধলতা নেওয়ার বিষয়টি উল্লেখ করেন। অতিরিক্ত ধলতার কারণে কৃষক ও পাইকাররা কানাইপুর বাজারে পণ্য আনতে আগ্রহ হারাচ্ছেন বলে সভায় আলোচনা হয়।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, কানাইপুর বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে  হবে। অতিরিক্ত ধলতা নেওয়া বা এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যার কারণে কৃষক, পাইকার কিংবা ক্রেতারা বাজারবিমুখ হয়ে পড়েন।
সভায় কাঁচামাল ও মাছের সরবরাহ বাড়ানো, ব্যবসায়ীদের সমস্যা চিহ্নিত করা, বাজারে পণ্যের সংকট দূর করা এবং সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাজারের পরিবেশ স্বাভাবিক রাখতে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারে নিয়মিতভাবে পর্যাপ্ত পরিমাণে সবজি, মাছসহ অন্যান্য কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা গেলে ক্রেতাদের ভোগান্তি অনেকটাই কমবে। একই সঙ্গে অতিরিক্ত ধলতা নেওয়ার বিষয়টি নিয়ন্ত্রণে আনা গেলে কৃষক ও পাইকারদের বাজারে পণ্য নিয়ে আসার আগ্রহ বাড়বে।
মতবিনিময় সভা থেকে বাজারে কাঁচামাল ও মাছের সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন