কালীগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলে আটক

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাসাইর গ্রামে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর ধারণা, নেশার টাকার জন্য ছেলে নিজ মাকে হত্যা করেছে।
জানা যায়, গত ২১ মার্চ রাত আনুমানিক ১০টা থেকে ২২ মার্চ সকাল সাড়ে ৬টার মধ্যে যেকোনো সময় বাসাইর গ্রামের অজিফা বেগম (৫০), স্বামী জয়নাল আবেদীন, নিজ বাড়িতে নিহত হন। স্থানীয়দের অভিযোগ, তার ছেলে জোবায়ের (২০) মাদকাসক্ত এবং নেশার টাকার জন্য এই হত্যাকাণ্ড ঘটাতে পারে।
ঘটনার সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছেলে জোবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরবর্তীতে কালীগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ রিয়াদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুরে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন