দেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ অস্তিত্ব সংকটে। গাজীপুর কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত মৃৎশিল্পীরা বর্তমানে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক ও স্টিলের তৈরি পণ্যের ব্যাপক ব্যবহার বেড়ে যাওয়ায় মাটির তৈরি ঐতিহ্যবাহী পণ্যের চাহিদা দিন দিন কমে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় যেসব পরিবার মাটির হাঁড়ি-পাতিল, কলস, শোপিসসহ বিভিন্ন সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করতেন, তারা এখন কাজের অভাবে দিশেহারা। অনেকেই পেশা পরিবর্তন করে অন্য কাজে যুক্ত হচ্ছেন, আবার কেউ কেউ বাধ্য হয়ে দিনমজুরির কাজ করছেন।
মৃৎশিল্পীরা জানান, কাঁচামালের দাম বৃদ্ধি, উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং বাজারে পর্যাপ্ত বিক্রির সুযোগ না থাকায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকারি কোনো সহায়তা বা প্রশিক্ষণ না পাওয়ায় এই শিল্প টিকিয়ে রাখা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
একজন প্রবীণ মৃৎশিল্পী বলেন, “আগে সারাবছর কাজ থাকতো, এখন অর্ডারই আসে না। সংসার চালানোই দায় হয়ে গেছে।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ ঋণ সুবিধা এবং বাজারজাতকরণে সহায়তা না দিলে দেশের এই প্রাচীন শিল্প সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেতে পারে।




