
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক বিরোধের জের ধরে ২০২৪ সালের রাজনৈতিক ঘটনায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় স্থানীয় এক সাংবাদিককে গ্রেফতারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দৈনিক সময়ের আলো পত্রিকার পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আবুল হোসেনের বড় ভাই ইঞ্জিনিয়ার ফজলুল হক।
পরিবারের অভিযোগ, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে সাংবাদিক আবুল হোসেনের মায়ের সাথে তার চাচা মাসুম মিয়ার মায়ের পারিবারিক বিষয় নিয়ে তর্কাতর্কি হয়।
বিষয়টি নিষ্পত্তির কথা বলে কিছুক্ষণ পর আবুল হোসেনকে থানায় ডেকে নেন পাকুন্দিয়া থানার ওসি।
থানায় যাওয়ার পর ওসি মোঃ আরিফুল ইসলাম তাকে আওয়ামী লীগ নেতা অভিযোগ দিয়ে এবং এআই দিয়ে তৈরি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার ছবি দেখিয়ে তাকে আটক করেন। এ দিন তড়িঘড়ি করে আবুল হোসেনকে ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর পাকুন্দিয়া থানায় আওয়ামী লীগ নেতাকর্মিদের নামে বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় আসামি দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
সাংবাদিক আবুল হোসেনের বড় ভাইয়ের অভিযোগ, তার ভাই কোন রাজনৈতিক দলের সাথে কখনো জড়িত ছিলেন না। স্থানীয় একটি প্রভাবশালী মহল ভূয়া ছবি তৈরি করে পুলিশকে ব্যবহার করে তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় আটক করে।
সংবাদ সম্মেলন থেকে এ ঘটনায় আটক সাংবাদিক মোঃ আবুল হোসেনকে অবিলম্বে মুক্তি ও ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।
পাকুন্দিয়া থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে সাংবাদিক আবুল হোসেনের বড় ভাই ইঞ্জিনিয়ার ফজলুল হক জানান, ‘ আমার ভাইকে মিথ্যা মামলায় আটক করা হয়। থানার ওসির সাথে কথা হলে তিনি ব্যক্তিগত ভাবে আমাকে বলেন,
চাকুরী বাঁচাতে বাধ্য হয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়া আমার কিছুই করার
ছিলোনা।’
সংবাদ সম্মেলনে
জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগের ভিত্তিতে সাংবাদিক মোঃ আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক ভাবে তিনি দলীয় কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে আটক করা হয়।
বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায়
সাংবাদিক আবুল হোসেন জড়িত কিনা সেটি
তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।




