
লক্ষ্মীপুর কারাগার থেকে জেলা আদালতে হাজির করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘জয় বাংলা’ স্লোগানের পর প্রিজনভ্যান থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আঙ্গুল দেখিয়ে ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এরপ্রতিবাদে তাৎক্ষণিক মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবী।
লক্ষ্মীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারীকে প্রিজন ভ্যানে উঠানোর সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, হুমকিদাতা মনিরুজ্জামান পাটওয়ারী জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। জামিনপ্রাপ্ত রাজু লক্ষ্মীপুর পৌর কৃষকলীগের সভাপতি।
এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী বলেন, ঘটনার সময় জামিন শুনানির জন্য ১৭ জন আসামিকে আদালতে হাজির করা হয়। কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যানে উঠানোর সময় তারা জয় বাংলা স্লোগান দেয়। এরমধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজন ভ্যানে উঠে আঙ্গুল দেখিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের হুমকি দেন। পরে তাৎক্ষণিক বিএনপিপন্থী আইনজীবীরা প্রতিবাদ মিছিল করেন।
তিনি জানান, সদর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মনিরুজ্জামান পাটওয়ারী ও রাজু আহমেদকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ নম্বর আদালতে হাজির করা হয়। রাজুকে আদালতের বিচারক মো. ওমর ফারুক জামিন দিয়েছেন। এছাড়া চন্দ্রগঞ্জ থানায় দায়ের করা বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ১৫ জনকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়।
প্রতিবাদ মিছিল শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করেছে। এখন ফ্যাসিবাদী কায়দায় তারা ককটেল বিস্ফোরণসহ আগুন-সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জামিন নিয়ে তারা আমাদেরকে হুমকি দেয়। আইনজীবীদেরকে হুমকি দেয়।



