
কুষ্টিয়ার কুমারখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, পায়রা ওড়ানো, আলোচনা সভা ও বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকালে কুমারখালী পৌরসভার হলবাজার এলাকায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুবদলের নেতাকর্মীরা সমবেত হন।
পরে কেক কাটা ও পায়রা ওড়ানোর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
কুষ্টিয়া জেলা যুবদলের সহ-সভাপতি, কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক ও পৌর মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিক।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই মাখন প্রামাণিক, সাধারণ সম্পাদক মাকছেদুল মোমিন এবং পৌর যুবদলের আহ্বায়ক নূর আলম বুলবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হলবাজার এলাকায় এসে শেষ হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তাদের অংশগ্রহণে পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।





