কুষ্টিয়ার কুমারখালীতে মুক্তিযুদ্ধকালীন বিএলএফের বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার মঞ্জুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় কুমারখালী পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আকমল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা কাজী আকতার হোসেন। এছাড়া বক্তব্য রাখেন মরহুমের পুত্র মো. সাইফুদ্দিন (শশী), কুমারখালী নাগরিক পরিষদের সভাপতি মো. আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মুনছুর মজনু মুক্তিযোদ্ধা মাহমুদ হোসেন (মানু), বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার, আলতাফ মাহমুদ এবং কুমারখালী মহিলা পরিষদের সভাপতি মোছা. হোসনেআরা রুবী।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার মঞ্জুর দেশপ্রেম, সাহসিকতা ও মুক্তিযুদ্ধে তাঁর অবদান নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।




